সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত বাসচালক, কনডাক্টর ও চালকের সহকারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
সুনামগঞ্জ নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহের আলী, আইনজীবী এ. আর জুয়েল ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের লামাকাজী থেকে দিরাই যাওয়ার পথে দিরাই পৌরসভার সুজানগর এলাকায় বাসে একা পেয়ে বাসচালক, কনডাক্টর ও চালকের সহকারী এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় এই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে। আহত অবস্থায় তাকে দিরাই উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নির্যাতিতার স্বজনসহ বিক্ষুব্ধ মানুষ রাতে দিরাই থানার সামনে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে; কিন্তু এর আগেই বাসচালক, কনডাক্টর ও চালকের সহকারী পালিয়ে যায়।
ছাত্রীর বাবা বাদি হয়ে ঘটনায় জড়িত তিন জনকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।