নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে দেড়ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বঙ্গবন্ধু বা বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর শুধু একটি ঘটনা নয়, বাঙালি ও বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তিকে নাড়িয়ে দেওয়া। এই আস্পর্ধাকে প্রশ্রয় দেওয়ার মতো বোকামি বাঙালি করবে না।
তারা বঙ্গবন্ধুকে অবমাননাকারী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জানান।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, জ্যেষ্ঠ সদস্য শাহ মুজিবুর রহমান জকন, জ্যেষ্ঠ সহ সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সহ সভাপতি আনিস রহমান, সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, গাজী টিভির বিলকিস আক্তার সুমি, বাংলা টিভির এস আলম আলমগীর, এনটিভির মারুফ আহমেদ, মোহনা টিভির শামীম হোসাইন, চ্যানেল টুয়েন্টিয়েন্টিফোরের সৈয়দ রাসেল, ইনডিপেন্ডেন্ট টিভির গোপাল বর্ধন, মাধব কর্মকার, এটিএন বাংলা ইউকের মো. শফিকুল ইসলাম শফি, এটিএননিউজের অনিল পাল, যমুনা টিভির শাকিল আহমদ সোহাগ, চ্যানেল টুয়েন্টিফোরের শফি আহমেদ, মাছরাঙা টিভির শুভ্র দাস রাজন, ডিবিসির হাসান শিকদার সেলিম, চ্যানেল এস ইউকের মাহমুদুর রহমান মিলন প্রমুখ।