মৌলভীবাজারে গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে স্বামী

প্রকাশিত December 21, 2020
মৌলভীবাজারে গরম পানি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে স্বামী

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্বামী সঞ্জিত কান্তি নাগ গরম পানি দিয়ে স্ত্রী অনামিকা দেবের শরীর ঝলসে দিয়েছে।
রবিবার সকালে উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, যৌতুকের জন্য দীর্ঘদিন থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা অনামিকা দেবের উপর নির্যাতন চালাচ্ছিল। সর্বশেষ তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকার এনে দিতে চাপ দেয়; কিন্তু তিনি অপারগতা প্রকাশ করলে সঞ্জিত কান্তি নাগ সকাল সাড়ে ৮টার তার শরীরে কেটলিভরা গরম পানি ঢেলে দেয়। এতে তার গলা, পিঠ ও পেটসহ শরীরের অধিকাংশ জায়গা ঝলসে গেছে।
অনামিকা দেব জানান, ২০১৫ সালে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তার বাবার বাড়ি থেকে প্রাপ্ত সোনা-গহনা বিক্রি করে স্বামীকে সিএনজি অটোরিক্সা কিনে দেন। এরপরও বিভিন্ন সময় তাকে যৌতুকের জন্য মারধর করা হতো।
তিনি অভিযোগ করেন, তার শাশুড়ি, ভাসুর, ননদ লাকি রানী দে ও তার স্বামী নির্যাতনে সম্পৃক্ত রয়েছেন। তিনি ৫ জনকে অভিযুক্ত করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ করেছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ৫ জনের নাম উল্লেখ করে এব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।