জকিগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলন : ড্রেজার মেশিন জব্দ করলেন ওসি

প্রকাশিত December 17, 2020
জকিগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলন : ড্রেজার মেশিন জব্দ করলেন ওসি

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজার এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী কয়েকদিন ধরে এভাবে বালি উত্তোলন করছিলেন। ফলে শাহগলি বাজারসহ কয়েকটি গ্রামে সুরমা নদীর ভাঙ্গন তীব্র হওয়ার আশংকা দেখা দেয়। এলাকাবাসী এই অপকর্ম বন্ধের জন্য গত ৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর আবেদন জানান। অন্যদিকে চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী দাবি করেন, গুচ্ছগ্রাম করার জন্যে উপজেলা প্রশাসনের মৌখিক নির্দেশে তিনি বালি উত্তোলন করছেন; কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার জানান, বালি উত্তোলনের ব্যাপারে তিনি কিছু জানেন না।
সম্প্রতি গণমাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলনের খবর প্রকাশিত হলে জকিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ ব্যাপারে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে থানার ওসিকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ওসি মীর মো আবু নাসের বৃহস্পতিবার বিকেলে সরেজমিন পরিদর্শন করে একটি ড্রেজার মেশিন জব্দ করেন।