সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সুনামগঞ্জে ৩০টি গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বানিয়ে দেওয়া ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বুধবার বিকেলে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের এই উপকারভোগীদের হাতে চাবি তুলে দেন।
সিভিআরপি প্রকল্পের অধীনে ৪৭ লাখ টাকা ব্যয়ে এই গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
চাবি হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে গৃহহীনদের বসতঘর দিচ্ছেন। সুনামগঞ্জ জেলায় ৪ হাজার গৃহহীন মানুষকে ঘর দেওয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, মো জসীম উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।