নবীগঞ্জে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

প্রকাশিত December 7, 2020
নবীগঞ্জে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে শাহ মুশকিল আসান (র) মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দু’ঘন্টাব্যাপী মরদেহ ও আহতদের উদ্ধার কাজ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, কুমিল্লা থেকে সিলেটমুখী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের (মেট্রো-ব ১১-৫৫১৮) সঙ্গে আউশকান্দি হতে পানিউমদাগামী যাত্রীবাহী দু’টি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো দুটি দুমড়ে-মুচড়ে যায়। একটি অটোসহ বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গজনাইপুর ইউনিয়নের মুড়াউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম (২৮), মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নূরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), কাজীপাড়া গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০), সাতাইহাল গ্রামের মৃত সুরত আলীর ছেলে লিটন মিয়া (১৮) ও অজ্ঞাত এক পুরুষ (২৬)।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটসহ এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করে।
আহতদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।