অশুভ সাম্প্রদায়িক চক্রকে পরাভূত করে দেশকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকার

প্রকাশিত November 13, 2016
অশুভ সাম্প্রদায়িক চক্রকে পরাভূত করে দেশকে কলঙ্কমুক্ত করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিলেটে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সমাজের ছবি আঁকবোই’-এ আহবান জানিয়ে রবিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে এই মানববন্ধন করা হয়। এতে সংহতি জানিয়ে সাংবাদিক এবং সাংস্কৃতিক নেতৃবৃন্দও যোগ দেন।
মানববন্ধনে নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী আবু বকর আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক আল-আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, এটিএন বাংলার ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী বিমলেন্দু দাস বিপ্রেশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী বিপ্রজিৎ তালুকদার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী এনামুল হক ও নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী অরুণাভ বণিক পলাশ।
মানববন্ধন থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে তাদেরকে প্রতিহত করার অঙ্গীকার ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের যুবশক্তি একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একটি শক্তিশালী সেনা বাহিনীকে পরাজিত করে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করেছে, এবার অশুভ সাম্প্রদায়িক চক্রকে পরাভূত করে প্রিয় জন্মভূমিকে কলঙ্কমুক্ত করবে।