তাহিরপুরের হাজংপাড়ায় মুজিববর্ষের ১০টি বসতঘর হস্তান্তর

প্রকাশিত November 19, 2020
তাহিরপুরের হাজংপাড়ায় মুজিববর্ষের ১০টি বসতঘর হস্তান্তর

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না। জাতির পিতার জন্মশতবার্ষিকীর উপহার হিসেবে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই হাজংপাড়ায় ক্ষুদ্র নৃতাতত্ত্বিক জনগোষ্ঠীর কাছে ১০টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি মো জসিম উদ্দিন, সহকারী কমিশনার-ভূমি সৈয়দ আমজাদ হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী ইকবাল কবির রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সুব্রত দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, আদিবাসী নেতা এন্ড্রু সলোমার ও শঙ্কর মারক।
এর আগে জেলা প্রশাসক সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সাহিদাবাদে নির্মিত বর্ডার হাট পরিদর্শন করেন।