আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ১২টি দোকান

প্রকাশিত November 9, 2020
আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ১২টি দোকান

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লাল মিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি পেট্রোলের দোকান, একটি কম্পিউটারের দোকান, তিনটি ফার্নিচারের দোকান, একটি স্টুডিও, একটি পার্টসের দোকান, একটি সাইকেল মেকানিকের দোকান, দু’টি মোটর সাইকেল মেকানিকের দোকান ও দু’টি রিক্সার দোকান।
আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজমিরীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান, সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাস, পৌর প্রশাসক গোলাম ফারুক, ওসি মোশারফ হোসেন তরফদার ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।