নিজস্ব প্রতিবেদক : কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেসবাহুল ইসলাম বলেছেন, দেশের প্রতি ইঞ্চি জমির ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। করোনাকালীন হাওর অঞ্চলে দ্রুত বোরো ধান কর্তন কৃষিতে দেশের সুনাম বৃদ্ধি করেছে। প্রযুক্তির সংমিশ্রণ কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
শুক্রবার মহানগরীর সোবহাটিঘাটে একটি হোটেল মিলনায়তনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘সিলেট অঞ্চলে বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয়’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো আসাদুল্লাহ ও ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড কৃষ্ণপদ হালদার। সভাপতিত্ব করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ শাহজাহান কবীর।
প্রধান অতিথি বলেন, ধানের উৎপাদন বাড়াতে ‘হাইলি ভ্যারাইটি’ ও ‘হাইব্রিড’ জাতে মনোনিবেশ করতে হবে। কৃষি যান্ত্রিকীকরণে সরকার সহযোগিতা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সার ও বীজে ‘ইনসেনটিভ’ দেওয়া হচ্ছে। কৃষি প্রযুক্তি কৃষকের কাছে গ্রহণযোগ্য করতে হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড শেখ মোহাম্মদ বখতিয়ার বলেন, সিলেট অঞ্চলের আবহাওয়া উপযোগী জাতের উন্নয়ন ঘটাতে হবে। তাহলেই প্রযুক্তি টেকসই হবে। প্রযুক্তিগত সহায়তা কৃষিবান্ধব এই সরকারের নীতি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো আসাদুল্লাহ বলেন, দেশে প্রতি হেক্টরে বোরো ধানের গড় ফলন ৪ দশমিক এক তিন টন। অথচ হাওর অঞ্চলে ফলন হয় ৪ দশমিক শূন্য ৫ টন। হাওরে এখনও অনেক কৃষক পুরনো জাতের বীজ ব্যবহার করেন। বেশি ফলনের জন্য ‘হাইব্রিডের’ ব্যবহার বাড়ালে বাকি জমিগুলোতে ডাল ও পেঁয়াজ সহ অন্যান্য ফসল আবাদ সম্ভব হবে।
ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড কৃষ্ণপদ হালদার বলেন, ‘কোল্ড ইনজুরি’ থেকে পরিত্রাণ পেতে দ্রুত উৎপাদনশীল জাতের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি কর্দমাক্ত জমিতে কাজের সুবিধার্থে হালকা ধরনের ‘কম্বাইন্ড হারভেস্টার মেশিন’ সরবরাহ করতে হবে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোহাম্মদ শাহজাহান কবীর বলেন, ঠান্ডা সহিষ্ণু জাত উন্নয়ন বিষয়ে কাজ চলছে। হাওরের ফসল যাতে ২০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে তোলা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোস্তফা কামাল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মজুমদার মো ইলিয়াস।
উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, সিলেট অঞ্চলে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এর মধ্যে রয়েছে, অপর্যাপ্ত সেচ কাঠামো, অম্লীয় মাটি, শুষ্ক মৌসুমে ভূ-উপরিস্থ পানির সেচ ব্যবস্থার অপর্যাপ্ততা, মাত্রাতিরিক্ত আয়রনের উপস্থিতি, শ্রমিক সংকট এবং হাওরে এলোপাতারি রাস্তাঘাট তৈরি। এসব থেকে উত্তরণে সুরমা ও কুশিয়ারা নদী সহ ভূ-উপরিস্থ পানির উৎসস্থল থেকে ফসলের মাঠ পর্যন্ত সেচ অবকাঠামো নির্মাণ, পানি সংরক্ষণাগার তৈরি, প্রবাসী জমির মালিকদের জমি চাষাবাদে সহযোগিতা করা ও সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চার জেলার উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কৃষি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।