মহান শিক্ষা দিবস বৃহস্পতিবার : সারাদেশে পালিত হবে নানা কর্মসূচিতে

প্রকাশিত September 16, 2020
মহান শিক্ষা দিবস বৃহস্পতিবার : সারাদেশে পালিত হবে নানা কর্মসূচিতে

নিজস্ব প্রতিবেদক : মহান শিক্ষা দিবস বৃহস্পতিবার। সিলেটসহ সারাদেশে দিনটি নানা কর্মসূচিতে পালিত হবে।
পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন শিক্ষা সচিব এস এম শরীফের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট প্রতিবেদন পেশ করে। এতে মূলত শিক্ষা সংকোচনের ব্যবস্থা করা হয়। সরকার ১৯৬২ সাল থেকে এই শিক্ষানীতি বাস্তবায়ন করতে শুরু করলে এর প্রতিবাদে ছাত্র সংগঠনগুলো আন্দোলনে নামে।
এ আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদ ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল আহ্বান করে। সেদিন পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন মোস্তফা, ওয়াজিউল্লাহ ও বাবুল। এছাড়া টঙ্গীতে ছাত্র-শ্রমিকের মিছিলে পুলিশের গুলিতে সুন্দর আলী নামের এক শ্রমিকও শহীদ হন বলে খবর পাওয়া যায়।
পরে ২৪ সেপ্টেম্বর পল্টন ময়দানের ছাত্রসমাবেশ থেকে শিক্ষানীতি বাতিল ও হত্যার বিচারসহ ছাত্রসমাজের উত্থাপিত দাবি মানার জন্য চরমপত্র ঘোষণা করা হয়। ফলে সরকার শিক্ষানীতি বাস্তবায়ন স্থগিত করে।
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি মিছিল বের হয়ে কামরান চত্বরে সমাবেশে মিলিত হবে।
সংগঠনের মহানগর সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম সর্বস্তরের ছাত্র জনতাকে শিক্ষা দিবসের মিছিল-সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।