কিডনি ফাউন্ডেশন সিলেট করোনাযোদ্ধা অ্যাম্বুলেন্স চালক মো আব্দুল হালিমকে সম্মাননা প্রদান করেছে।
শনিবার দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।
মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এই সম্মুখযোদ্ধা করোনাকালের শুরুর দিক থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্তদের আনা-নেওয়া করছেন। এছাড়া করোনায় মৃত্যুবরণকারীদের দাফন কাজে সহায়তা করছেন সাহসিকতার সঙ্গে। এই কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে মো আব্দুল হালিমকে সম্মাননা ক্রেস্ট, অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ অ্যাম্বুলেন্সচালক কোরবান আলী স্মৃতি সম্মাননা পদকও প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মো আব্দুল হালিমের হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন, বিশেষ অতিথি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার জেনারেল মো ইউনুছুর রহমান, কিডনি ফাউন্ডেশন সিলেটের পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, পরিচালক ও সমন্বয়ক ফরিদা নাসরীন, নির্বাহী সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, কিডনি ফাউন্ডেশন সিলেটের প্রকল্প ব্যবস্থাপক উবায়েদ বিন বাছিত সুমন ও প্রশাসনিক কর্মকর্তা মো মহিবুর রহমান রাসেল।