করোনায় বাংলাদশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়নি : তথ্যমন্ত্রী

প্রকাশিত August 20, 2020
করোনায় বাংলাদশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে করোনায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন। বলেছিলেন, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে মরদেহ; কিন্তু বাস্তবতা এই আশঙ্কার কাছাকাছিও নয়।
তিনি আরো বলেছেন, পৃথিবীর যেসব দেশে করোনায় মৃত্যুহার অনেক কম, বাংলাদেশ সেগুলোর একটি। দেশে অনাহারেও কেউ মারা যায়নি। কারণ সরকার পর্যাপ্ত খাদ্য সহায়তা দিয়েছে। সার্বিক পরিস্থিতি মেকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতুলীয় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সিলেট বিভাগের শতাধিক সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর অর্থসহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় করছিলেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। পাশে দাঁড়িয়েছে এই করোনাকালেও। দলমত নির্বিশেষে যেসকল সাংবাদিক সংকটে আছেন তাদেরকে প্রণোদনা দিচ্ছে, যা দেওয়া ভারত ও পাকিস্তানের মতো রাষ্ট্রের পক্ষেও সম্ভব হয়নি।
তিনি বলেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তারাই এখন বাংলাদেশকে উন্নয়নের ‘রোল মডেল’ বলছে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ। তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এর আগে দুপুরে সিলেট পৌঁছে তথ্যমন্ত্রী বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শন ও হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেন।