দিনাজপুরে করোনায় মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু : নতুন সর্বোচ্চ আক্রান্ত ৯৫ জন

প্রকাশিত August 17, 2020
দিনাজপুরে করোনায় মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু : নতুন সর্বোচ্চ আক্রান্ত ৯৫ জন

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে সোমবার করোনায় মুক্তিযোদ্ধাসহ দুই জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু হলো ৫০ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ৩৯ জন মারা গেছেন।
নতুন করে একদিনে সর্বোচ্চ ৯৫ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হলেন ২৫৭৮ জন। অন্যদিকে নতুন ৫৪ জনসহ এ পর্যন্ত ১৮৫৫ জন সুস্থ হলেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ও বিকেলে করোনায় আক্রান্ত দুই জনের মৃত্যু হয়। একজন হলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও সাবেক সেনা সদস্য আব্দুল জলিল (৬৯)। ১৩ আগস্ট তার করোনা শনাক্ত হয়েছিল। বিকেলে মারা যান বিরামপুর উপজেলার আসাদুজ্জামান (৬৫)। তিনি ১২ আগস্ট করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার ২২৭টি নমুনা পরীক্ষায় ৬৭টি পজিটিভ এসেছে। অন্যদিকে ঢাকায় পিসিআর ল্যাবে দিনাজপুরের ১৫০টি নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়।