নিজস্ব প্রতিবেদক : আজ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৪৬তম দিন। ১৯৭৫ সালের এ দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে দেশী-বিদেশী শত্রুরা বাংলাদেশকে আবারো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার নেশায় বুদ হয়েছিল; কিন্তু পারেনি। কারণ এক মুজিবের রক্ত থেকে লক্ষ-কোটি মুজিব জন্ম নিয়েছিল।
এই আদর্শিক সন্তানেরা সকল চক্রান্ত-ষড়যন্ত্র আর বিকৃতি-বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে প্রিয় স্বদেশকে জাতির পিতার স্বপ্নের সোনারবাংলার পথে ফিরিয়ে এনেছে। রাষ্ট্রের হাল ধরেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশ এখন নাগালের মধ্যে। পনেরোই আগস্ট শোক নয়-শক্তি এই পথচলায়। প্রতিবছর জাতি নতুন করে শক্তি-সাহসে বলীয়ান হয়ে এগিয়ে চলার গতিকে আরো বেগবান করে।
এবার করোনা পরিস্থিতিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এরমধ্যেই কৃতজ্ঞ জাতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত। তবে সকল কর্মসূচিতে অনুসরণ করা হবে স্বাস্থ্যবিধি। সিলেটসহ সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ভার্চুয়াল আলোচনা সভা, মসজিদে দোয়া, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এছাড়া সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।