দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রকাশিত August 13, 2020
দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, দেশের কোন মানুষ যাতে করোনাকালে খাদ্য সংকটে না ভুগে সেজন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। সরকার করোনার আগেই পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেছেন, গৃহহীন মানুষকে সরকার ঘর তৈরি করে দিচ্ছে। দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না।
বৃহস্পতিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও সহকারী কমিশানার-ভূমি আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, শহীদ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ও চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড়।
মাধবপুর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে ১৮টি পরিবারকে দুর্যোগসহনীয় ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া ৫টি চা বাগানের ৫ হাজার ৫শ ৪৬টি চা শ্রমিক পরিবারের মাঝে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।