নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে গুলশান সেন্টারে গ্রেনেড হামলা দিবস পালিত হচ্ছে।
২০০৪ সালের ৭ আগস্ট রাত ৮টার দিকে মহানগরীর তালতলা এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা চলাকালে এই গ্রেনেড হামলা হয়। এতে প্রায় ৪০ জন আহত হন।
আহতদের মধ্যে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো ইব্রাহিম রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দিনটি উপলক্ষে মো ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে সকালে মহানগরীর চালিবন্দরে সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল ও শিরণি বিতরণের আয়োজন করা হয়।
এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেদিনের গ্রেনেড হামলায় আহত অধ্যাপক জাকির হোসেন। সভাপতিত্ব করেন, মো ইব্রাহিম স্মৃতি সংসদের সভাপতি ডা আরমান আহমদ শিপলু। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী কাবুলের পরিচালনায় অন্যদের বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, গ্রেনেড হামলায় আহত ফয়জুল আনোয়ার আলাওর, জুবের খান ও তপন মিত্র।
এছাড়াও বিকেল ৩টায় হোটেল ফরচুন গার্ডেনে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শামীমাবাদে মো ইব্রাহিমের ভাইয়ের বাসায় বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।