দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : পুলিশ ও ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৪২

প্রকাশিত July 28, 2020
দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু : পুলিশ ও ব্যাংকারসহ নতুন আক্রান্ত ৪২

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৪ জনের। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও ২৮ জন মৃত্যুবরণ করেছেন।
অন্যদিকে তিন চিকিৎসক, দুই ব্যাংকার এবং এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৪৭৯। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৮২ জন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো ফজলুর রহমান (৭০)। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার আমবাড়ি এলাকায়।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে মঙ্গলবার ১৬২টি নমুনা পরীক্ষায় ৪২টি রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে রয়েছেন, সিভিল সার্জন অফিসের ইপিআই তত্ত্বাবধায়ক ডা মো ইমামুদ্দিন, কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা প্রশান্ত, শহরের মুন্সিপাড়া এলাকার ডা মো আসাদুজ্জামান, সোনালী ব্যাংক, বিরামপুর শাখার স্টাফ শাকিল মিয়া, কৃষি উন্নয়ন ব্যাংক, বিরামপুর শাখার স্টাফ আবু হাসনাত ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী পারুল বেগম।
অন্যদের মধ্যে রয়েছেন, সদর উপজেলায় ১২ জন, বিরামপুর উপজেলায় ১২ জন, পার্বতীপুর উপজেলায় ৪ জন, হাকিমপুর উপজেলায় ৪ জন, কাহারোল উপজেলায় ৩ জন, ফুলবাড়ী উপজেলায় ১ জন, বিরল উপজেলায় ১ জন ও বীরগঞ্জ উপজেলায় ১ জন।