কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেনাসদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড-আর্টডকের অধীনস্থ প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে জরুরি সাহায্য হিসেবে নানারকম ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে।
এর ধারাবাহিকতায় ২২, ২৩ ও ২৪ জুলাই সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর, হরিপুর ও জালালাবাদ সেনানিবাসের নিকটবর্তী বিভিন্ন গ্রামে দরিদ্র পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সেনাবহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস-এসআইএন্ডটি দরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।
আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে অসংখ্য পরিবারের মধ্যে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এরই ধারাহিকতায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের সামগ্রিক কার্যক্রম এসআইএন্ডটির কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সেনা সদস্যকে নিয়ে গঠিত দল দ্বারা পরিচালনা করা হয়।
এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
দেশব্যাপী করোনা পরিস্থিতির সার্বিক অবনতির পর থেকে বিভিন্ন সময়ে এসআইএন্ডটি থেকে ৮শ পরিবারকে শুকনো রসদ ও খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, সেনাসদস্যদের জন্য বরাদ্দকৃত খাবার কম গ্রহণ করে সেখান থেকে সঞ্চিত রসদ ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
এই দুর্যোগকালীন দরিদ্র পরিবারগুলোর জন্য এসআইএন্ডটির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।