দিনাজপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩৬ জন

প্রকাশিত July 23, 2020
দিনাজপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩৬ জন

তনুজা শারমিন তনু, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭। এছাড়াও উপসর্গ নিয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নতুন করে আরো ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত হলেন ১৩০৮ জন। তবে আরো ২০ জনসহ এ পর্যন্ত ৭৮৬ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টায় মোফাজ্জল হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি উপসর্গ নিয়ে ১৭ জুলাই ভর্তি হলে ২১ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মোফাজ্জল হোসেনের বাড়ি চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী বোর্ড স্কুল সংলগ্ন নাঠুয়াপাড়া গ্রামে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুদ পারভেজ (৪৮) নামে এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। তিনি দিনাজপুর শহরের বালুয়াডাংগা এলাকার আবির উদ্দিনের ছেলে। পেশায় চা বিক্রেতা ছিলেন।
এছাড়াও পার্বতীপুর উপজেলার বিলাইচণ্ডি গ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মো নূরুল হকের পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি ২১ জুলাই নিজের বাড়িতে মারা যান।
সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন, দিনাজপুর সদর উপজেলায় ২৬ জন, বিরল উপজেলায় ৩ জন, বিরামপুর উপজেলায় ৩ জন, পার্বতীপুর উপজেলায় ১ জন ও খানসামা উপজেলায় ১ জন।