সুনামগঞ্জে আবারো বন্যা : পানিবন্দি কয়েক লাখ মানুষ

প্রকাশিত July 11, 2020
সুনামগঞ্জে আবারো বন্যা : পানিবন্দি কয়েক লাখ মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি : মাত্র ১৫ দিনের ব্যবধানে সুনামগঞ্জ জেলা ফের বন্যা কবলিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। জেলা সদরের বিভিন্ন এলাকায়ও পানি ঢুকে জনজীনকে বিপর্যস্ত করে তুলেছে।
জেলার সদর, ছাতক, দোয়ারাবাজার, তাহিরপর, বিশ্বম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলা এখন বন্যা কবলিত। সুনামগঞ্জ পৌরসভা ও ছাতক পৌরসভার অধিকাংশ এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি। সুনামগঞ্জ-ছাতক সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, খাদ্য সহায়তা হিসেবে জিআর ৪০০ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার, নগদ ৮ লাখ টাকা, শিশু খাদ্য বাবদ ৩ লাখ টাকা ও গবাদি পশুর খাদ্য বাবদ ২ লাখ টাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে।
তাহিরপুর প্রতিনিধি : প্রথমদফা বন্যার ধকল কাটিয়ে উঠার আগেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আবার বন্যা কবলিত হয়েছে।
প্রবল বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার ৭টি ইউনিয়নেরই নিম্নাঞ্চল প্লাবিত। উপজেলা সদরের সাথে আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা অচল। তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
যাদুকাটা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামে বেড়িবাঁধ হুমকির মুখে। যেকোনো সময় ভেঙ্গে গিয়ে চরম বিপর্যয় ঘটাতে পারে। মানুষ তীব্র আতংকের মধ্যে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানিয়েছেন, জরুরি ভিত্তিতে মানুষকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো সবিবুর রহমান জানান, যদি ভারি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।