খাদিমপাড়া করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন সচিব

প্রকাশিত July 10, 2020
খাদিমপাড়া করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন সচিব

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব লোকমান হোসেন মিয়া মহানগরীর উপকণ্ঠ খাদিমনগরে অবস্থিত খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিলেট কিডনি ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি সেখানে যান এবং সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সচিব লোকমান হোসেন মিয়া বলেন, সিলেটে এখন নমুনাজট নেই। আগে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই শিফটে পরীক্ষা চলছিল। এখন তিনটি শিফটে হচ্ছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার হার বেড়েছে।
তিনি বলেন, খাদিমপাড়া হাসপাতালটি একটি আইসোলেশন সেন্টার। তাই করোনা উপসর্গ নিয়ে যে কেউ আসতে পারেন। এখানে অক্সিজেন সহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিভিল সার্জন ডা প্রেমানন্দ মণ্ডল, খাদিমপাড়া হাসপাতালের আরএমও ডা আবেদা বেগম, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা কাজী মুশফিক আহমদ, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী ও নির্বাহী পরিষদ সদস্য ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।
সচিব পরে দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।