প্রথম সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই

প্রকাশিত June 14, 2020
প্রথম সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান আর নেই

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।
রবিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বদর উদ্দিন আহমদ কামরানের ৭ জুন ‘করোনা’ শনাক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে পরদিন তাকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় সিএমএইচে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। ফলে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা যাচ্ছিল। তিনি খাওয়া দাওয়া করছিলেন। রবিবার পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন।
বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুসংবাদে পুরো সিলেট ঘুম ভেঙ্গে আর্তনাদ করে উঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকসংবাদটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ফজরের নামাজের পর মহানগরীর সকল মসজিদের মাইকে প্রিয় নেতার মৃত্যুর খবর প্রচার করা হয়।