হবিগঞ্জ প্রতিনিধি : ‘সবাই ঘরে থাকুন, নিরাপদ জীবনযাপন করুন।’ ‘নিজে পরিষ্কার থাকুন, অন্যকে পরিষ্কার থাকতে উৎসাহী করুন’। ‘সময় নিয়ে ভালো করে বারবার হাত ধুয়ে করোনামুক্ত থাকুন’। ‘এই ভয়ংকর ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই’।
কখনো গাড়ি থেকে মাইকিং করে, কখনো পায়ে হেঁটে সরাসরি কথা বলে, আবার কখনোবা সরকারি সহায়তা বিতরণকালে মানুষকে ‘করোনা’ মোকবিলার পরামর্শ দিয়ে যাচ্ছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। কেবল শহরেই নয়-গ্রামে গ্রামেও তিনি প্রতিদিন সকাল-সন্ধ্যা ছুটে চলেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অ্যাডভোকেট আবু জাহির জেলা শহর ও কয়েকটি গ্রামে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি কর্মহীন মানুষদের হাতে পৌঁছে দেন সরকারি সহায়তার খাদ্যসামগ্রী। এসময় তার সাথে ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, পৌর কাউন্সিলর আলমীর হোসেন, আব্দুল আউয়াল মজনু ও রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ।
এসময় সাংসদ আবু জাহির বলেন, যাদের ভোটে নির্বাচিত হয়েছি তাদেরকে ‘করোনা’ সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। সেইসাথে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি।