জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ সরকারি রাস্তার কালভার্টের পাশে ব্যক্তি উদ্যোগে বাঁধ নির্মাণ ও পুকুর খনন কাজ পুলিশ বন্ধ করে দিয়েছে।
উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী-মইয়াখালি রাস্তা দিয়ে প্রতিদিন ৩০/৩৫টি গ্রামের মানুষ যাতায়াত করে। এই রাস্তায় আখাব এলাকার কালভার্ট দিয়ে বিভিন্ন হাওরের পানি নিষ্কাশিত হয়; কিন্তু হঠাৎ করে এক ব্যক্তি মাছ চাষের জন্য কালভার্টের কাছাকাছি স্থানে প্রায় ৩ মিটার গভীর পুকুর খনন শুরু করেন। এছাড়া আশেপাশে ৩/৪টি বাঁধ দেওয়া হয়। এতে কালভার্টটি ধ্বসে পড়ার এবং পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
আখাব ও পার্শ্ববর্তী গ্রামবাসী এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসিকে অবহিত করলে রবিবার পুলিশ পুকুর খনন ও বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আবু নাসের জানান, সরকারি কালভার্টের পাশে এ ধরনের কাজ করা ঠিক হয়নি।
বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, এ ধরনের কাজের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩ নম্বর ওয়ার্ড সদস্য মখদম আলী জানান, অভিযুক্ত আলাই মিয়ার তোলা মাটি সরিয়ে নেওয়া হবে।