উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সাথে একটি মিনিবাসের ধাক্কা লেগে ৯ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটমুখী একটি মিনিবাস শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার কান্দিরগাঁও নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মিনিবাসটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে মিনিবাসের যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই ৮ জন মারা যান। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
আহত অন্যরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান।
মিনিবাসের যাত্রীরা নারায়নগঞ্জের পাগলা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে একটি বিয়ে ঠিক করতে যাচ্ছিলেন। নিহতরা হলেন, ইমন খান, আব্বাস উদ্দিন, ইমরান আহমদ, গিয়াস উদ্দিন, রাজিব, মহসিন, রাব্বি, আসমা ও সুমনা। নিহতরা সকলেই নিকট আত্মীয় বলে জনা গেছে।
খবর পেয়ে গোপলারবাজার তদন্তকেন্দ্রের পুলিশ, শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্বার কাজ শুরু করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।