পদবি ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

প্রকাশিত January 27, 2020
পদবি ও বেতন স্কেল পরিবর্তনের দাবিতে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক : পদবি ও বেতনস্কেল পরিবর্তনের দাবিতে বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির পঞ্চম দিনে সিলেটে ৪ ঘণ্টা কর্মবিরতি পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দক্ষিণ সুরমার আলমপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও দিলীপ কুমার রায়ের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, সহ সভাপতি সর্বসুযোগ চন্দ্র চন্দ ও সুখেন্দু শেখর শর্মা, যুগ্ম মহাসচিব খুর্শেদ আলম ও অচ্যুত মহারত্ন, সাংগঠনিক সম্পাদক অমিত ভূষণ দেব, অর্থ সম্পাদক অরুণ দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ও সাব্বির আহমদ, যুগ্ম অর্থ সম্পাদক আজারুল ইসলাম, যুগ্ম প্রচার সম্পাদক অপু চন্দ, ইবনে আবুল ফাত্তাহ পিকে, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন, কামরুল হোসেন, ইউসুফ আলম, এটিএম নয়ন মিয়া, নূরুজ্জামান ও শাহিদা আনোয়ারা নবীনা খান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ১৯ জুন মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনের সারসংক্ষেপ অনুমোদন করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৪ সালের ১৭ জুন প্রস্তাবে নীতিগত সম্মতি দেয়; কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এখন পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন করেনি।
তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।