সিলেট জেলা পরিষদ-ইনোভেটর বইপড়া উৎসব শুরু

প্রকাশিত December 21, 2019
সিলেট জেলা পরিষদ-ইনোভেটর বইপড়া উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সিলেট জেলা পরিষদ-ইনোভেটর আয়োজিত বইপড়া উৎসবে অতিথিরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, এমন একটি দেশের জন্যেই ত্রিশলাখ মানুষ জীবন উৎসর্গ করেছেন। সম্ভ্রম হারিয়েছেন তিনলাখ মা-বোন। এত বড় ত্যাগের ইতিহাস দুনিয়ায় আর কোন জাতির নেই। তেমনি নজির নেই মাত্র নয় মাসে পাকিস্তানি সেনাবাহিরী মতো দুর্ধর্ষ সেনাদলকে পরাজিত করে স্বাধীনতার লালসূর্য ছিনিয়ে আনার। নতুন প্রজন্মকে এই ঐতিহাসিক সত্য ও একাত্তরের চেতনা ধারণ করতে হবে। এক্ষেত্রে বই পড়ার বিকল্প নেই।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত বইপড়ার উৎসবে প্রায় একহাজার তরুণ-তরুণীর হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও অমর একুশের গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা ও মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ। সভাপতিত্ব করেন, ইনোভেটরের মুখ্য সঞ্চালক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব। এছাড়াও সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।