ছড়া-খালের উপর নির্মিত প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে : আরিফ

প্রকাশিত December 18, 2019
ছড়া-খালের উপর নির্মিত প্রাসাদ গুড়িয়ে দেওয়া হবে : আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে মুক্ত করতে মহানগরীর সকল ছড়া-খাল খনন এবং দখলমুক্ত করা হবে। গুড়িয়ে দেওয়া হবে ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী ছড়া-খালের গতি পরিবর্তন করে নির্মিত প্রাসাদগুলো। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
বুধবার সকালে মহানগরীর কানিশাইল এলাকায় গাভিয়ার খাল উদ্ধার অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, জরিপ অনুযায়ী মহানগরীর সকল ছড়া-খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ চলছে।
সিসিক মেয়র জানান, সকল খাল ও ছড়ার উভয় পাড় থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে তীর সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সিলেটকে ‘লেক সিটি’ হিসেবে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
অভিযানে সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও মাসুদা সুলতানা সাকি, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামছুল হক পাটোয়ারী উপস্থিত ছিলেন।