সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তাকে হাওরবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধুকন্যা হাওর এলাকার উন্নয়নে বড় বড় প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। নিশ্চিত করেছেন, প্রতিটি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হবে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিবিয়ানা ডিগ্রি কলেজ মাঠে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমীন চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, বিবিয়ানা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র কুমার দাস ও পরিকল্পনা মন্ত্রীর পিএস আবুল হাসনাত।
বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফি উল্ল্যাহ। পরিচালনায় ছিলেন, মিলন মিয়া ও মাসুফা তাসনিম মুর্শেদা।