নিজস্ব প্রতিবেদক : সিলেটের গৃহিনীরা আগামী ১০ দিন পিঁয়াজ কিনবেন না, পিঁয়াজ খাবেন না, পিঁয়াজ দিয়ে রান্নাবান্না করবেন না।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী গৃহিনীরা দেশের অন্যান্য এলাকার গৃহিনীদের প্রতিও আগামী ১০ দিন পিঁয়াজ না কেনার, পিঁয়াজ না খাওয়ার এবং পিঁয়াজ দিয়ে রান্নাবান্না না করার আহবান জানান।
গৃহিনীরা পিঁয়াজ মজুদ করে মূল্য বৃদ্ধির জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আরো কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানান।
একই সাথে তারা পিঁয়াজ সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই সংকট তৈরি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগ নেত্রী শামসুন্নাহার মিনু, সাবেক সিটি কাউন্সিলর জাহানারা খানম মিলন, শিক্ষক রীনা কর্মকার, ক্রীড়া সংগঠক মারিয়ান মাম্মী, নারী উদ্যোক্তা নুরুন্নাহার বেবী, ফরিদা আলম, শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, ইয়াসমিন চৌধুরী ও ফাতেমা জান্নাত।