নিজস্ব প্রতিবেদক : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, পিএএ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য ও সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। এছাড়া শিশুদের পক্ষ থেকে জারিদ বিল্লাল ও নুসাইবা বিনতে শরীফ বক্তব্য রাখে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, নাজমা পারভীন।
কর্মসূচিতে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও পুরস্কার বিতরণ।
সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’- এ প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচিতে সুনামগঞ্জে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার উদ্যোগ শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে নতুন শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা সংস্থার সভাপতি ফৌজিআরা শাম্মীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
পরে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হলো।
এ উপলক্ষে জেলা শিশু একাডেমি জেলা পরিষদ মিলনায়তনে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।