শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, দেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে বিকশিত করে আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে। আর এ ক্ষেত্রে পদক্ষেপ বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় সংগঠন পদক্ষেপ বাংলাদেশের ঢাকা, সিলেট ও চাঁদপুরে আয়োজিত ৬ দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, বাংলাদেশের ইলিশ স্বাদ আর গন্ধের জন্য গোটা বিশ্বে সমাদৃত। এর মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ একটা আলাদা জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার সবসময়ই সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। এরই ধারাবাহিকতায় দেশে শুদ্ধি অভিযান চলছে। দলমত নির্বিশেষে সারা দেশে এ অভিযান অব্যাহত থাকবে
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, পদক্ষেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাদল চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা, চাঁদপুর শাখার সভাপতি মুক্তা পিযূষ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপদেষ্টা পরিষদের সদস্য চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরণ দাশ, ডা পিযূষ কান্তি বড়ুয়া, অ্যাডভোকেট সায়েদুল ইসলাম বাবু ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
অনুষ্ঠানে বিদেশী অতিথি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড অজিত ত্রিবেদী ও কবি শান্তা চক্রবর্তীকে উৎসব স্মারক প্রদান করা হয়।