সিলেটের দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান গ্রিন ডিজঅ্যাবল ফাউন্ডেশন-জিডিএফের শিক্ষার্থীরা পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের ‘বৃক্ষ ভিক্ষা’য় সংগৃহীত গাছের চারা রোপণ করেছে।
বুধবার দুপুরে মহানগরীর জিন্দাবাজার এলাকার জিডিএফ কার্যালয়ে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নিজ হাতে ১০টি ফলদ ও ঔষধি গাছ রোপণ করেন।
কর্মসূচিতে সহযোগিতা করে সিলেটের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন বিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার বিষয়ক সংগঠন প্রাধিকার।
বৃক্ষরোপণ উপলক্ষে দুপুরে জিডিএফ কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবির, জিডিএফের প্রধান উপদেষ্টা সমিক শহিদ জাহান, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি হাসনাইন আহম্মেদ, ভূমিসন্তান বাংলাদেশের সংগঠন আনিস মাহমুদ, সংস্কৃতি ও পরিবেশকর্মী বিমান তালুকদার, স্বপন মাহমুদ এবং জিডিএফের ব্যস্থাপক রিপন চৌধুরী।