টাঙ্গুয়ার হাওরে চলছে মধুপূর্ণিমায় জোস্না উপভোগের প্রস্তুতি

প্রকাশিত September 10, 2019
টাঙ্গুয়ার হাওরে চলছে মধুপূর্ণিমায় জোস্না উপভোগের প্রস্তুতি

আবির হাসান, তাহিরপুর : পড়ন্ত বিকেলের আকাশকে লাল-কমলায় রাঙিয়ে সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়। সৌন্দর্য পিয়াসী মানুষ বিস্ময়বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে অস্তমিত সূর্যের দিকে। সূর্যাস্ত দেখে প্রাণ জুড়াতে দল বেঁধে ছুটে যায় বিশ্ব ঐতিহ্য ভাটির জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে। সূর্যাস্তের সৌন্দর্যে গভীর ভালোলাগার আবেশে আবিষ্ট হয় মন, অদ্ভুত প্রশান্তি ভর করে মনে।
এরপর সূর্য ঘুমিয়ে যায়; কিন্তু ঘুমায় না তাহিরপুরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। রাতের আঁধারে জোছনার আলোয় ফুটে উঠে মনোমুগ্ধকর পরিবেশ। সেই সৌন্দর্য উপভোগ করতে কার না মন চায়।
সেপ্টেম্বরের ১২ থেকে ১৫ তারিখে দেখা মিলবে মধু পূর্ণিমার। এর সাথে হাওরে জোছনা বিলাস। তখন যেন হাওরে জোছনা স্নান নিয়ে মর্ত্যে থেকে আসে স্বর্গীয় অনুভূতি। প্রকৃতি আমন্ত্রণ জানায় প্রকৃতিপ্রেমিদের তার মোহময় সৌন্দর্যের দিকে।
সেই জোছনা উপভোগ করতে তিন দিনব্যাপী টাঙ্গুয়ার হাওরে থাকে নানা আয়োজন। থাকছে এবারো। তাই চলছে প্রস্তুতি। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসবেন ভ্রমণ পিপাসুরা। রাতভর মরমি ও ভাটিয়ালি গানের মূর্ছনায় মেতে উঠবে হাওরের জলরাশি।
পর্যটকরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্যে তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকাভাড়া নির্ধারিত করে দেওয়া হয়েছে। উপজেলা নৌকা সমিতির সভাপতি আবিকুল ইসলাম জানান, নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় দুই স্তরের নিরাপত্তা থাকবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান পলাশ জানান, পর্যটকরা যাতে কোন ধরনের হয়রানি ও অবাঞ্ছিত ঘটনার মুখে না পড়েন সেজন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।