সিলেট চেম্বারের প্রশাসক হিসেবে আসাদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত June 9, 2019
সিলেট চেম্বারের প্রশাসক হিসেবে আসাদের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয় তাকে এ দায়িত্ব দিয়েছে। রবিবার দুপুরে তিনি চেম্বার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্বভার গ্রহণ করেন। প্রতিষ্ঠানের বিদায়ী সভাপতি খন্দকার সিপার আহমদ তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।
আসাদ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করে আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তিনি নির্ধারিত ১২০ দিনের মধ্যে এসসিসিআইর নির্বাচিত পরিচালনা পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারবেন।
আসাদ উদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের নির্দেশে তিনি চ্যালেঞ্জ হিসেবে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, এসসিসিআইর সদ্য প্রাক্তন সভাপতি খন্দকার সিপার আহমদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাবেক সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।