সুনামগঞ্জ প্রতিনিধি : ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলরক্ষা বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার হালির হাওর ও শনির হাওরে পানি ঢুকে পড়েছে।
রবিবার ভোরে জামালগঞ্জ উপজেলার বেহেলী ও রহমতপুর এলাকায় শনির হাওরে এবং তাহিরপুর উপজেলার বদরপুর ও নিতাইপুর এলাকায় বাঁধ ভেঙ্গে হালির হাওরে পানি ঢুকে পড়ায় ফসল ডুবে গেছে।
এলাকার কৃষকদের অভিযোগ, এই বাঁধগুলো বালু দিয়ে তৈরি করা হয়েছিল। ফলে পানির ধাক্কা সামলাতে পারেনি।
তবে প্রকল্প বাস্তবায়ন কমিটি-পিআইসির দাবি, ফসলরক্ষা বাঁধ উপচে পানি প্রবশে করেছে।
পানি উন্নয়ন বোর্ডের দাবি, ফসল রক্ষা বাঁধের ডিজাইন লেভেল অতিক্রম করে পানি প্রবশে করতে শুরু করে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধদিফতর থেকে জানানো হয়েছে, তাহিরপুর, ধর্মপাশা, শাল্লা, দিরাই, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ ও জামালগঞ্জ উপজেলায় শতভাগ জমির ধান কাটা হয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধদিফতরের উপ পরিচালক বশির আহম্মেদ সরকার জানান, শনিবার পর্যন্ত হাওর এলাকায় মোট এক লাখ ৭২ হাজার হেক্টর জমির মধ্যে এক লাখ ৬১ হাজার হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে।
এদিকে, বাঁধ ভাঙ্গার খবর পেয়ে রবিবার অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল অলম ও সংশ্লিস্ট উপজেলা নির্বাহী র্কমর্কতাগণ হাওর এলাকা পরিদর্শনে যান।