সিলেটে সাবেক ফুটবলারদের মিলনমেলা সোমবার

প্রকাশিত March 2, 2019
সিলেটে সাবেক ফুটবলারদের মিলনমেলা সোমবার

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : আগামী সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে বসছে সোনালী অতীতের ফুটবলারদের মিলনমেলা। কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের সৌজন্যে হবে দিনভর ফুটবল প্রতিযোগিতা। জীবনের মধ্যভাগে কিংবা শেষভাগে পৌঁছে যাওয়া একসয়কার ফুটবল তারকারা এদিন আবারও জার্সি গায়ে মাঠ কাঁপাবেন।
এই ব্যতিক্রমী আনন্দ আয়োজনকে সামনে রেখে শনিবার দুপুরে জেলা ক্রীড়া ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, নবীন খেলোয়াড়দের সাথে প্রবীণ খেলোয়াড়দের যোগসূত্র গড়ে তুলতেই সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাব জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের নির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী, সিলেট বিভাগীয় সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ, গ্রেটার সিলেট এক্স ফুটবলারস এসোসিয়েশন ইউকের সমন্বয়কারী সাব্বির আহমদ চৌধুরী, টিম ম্যানেজার, মহসিন চৌধুরী ও সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ।