অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৃহস্পতিবার

প্রকাশিত February 20, 2019
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বৃহস্পতিবার। এ দিনে বিশ্ববাসী সেই বাঙালি বীর শহীদদের শ্রদ্ধা জানাবে, যারা জীবন দিয়ে মাকে মা বলে ডাকার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, যাদের আত্মত্যাগে মানবসভ্যতার ইতিহাসে সংযোজিত হয় এক অতুলনীয় অধ্যায় আর যাদেরকে বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে-প্রতিটি প্রয়োজনে স্মরণ করে এগিয়ে চলে।
বাঙালির চিরকালীন চেতনার উৎস অমর একুশে এখন বিশ্ববাসীর মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক স্বীকৃতিলাভের পর থেকে দিনটি প্রতিবছর বিশ্বজুড়ে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সিলেটে ইতোমধ্যে অনুষ্ঠানমালা শুরু হয়ে গেছে। বুধবার বিকেল ৫টায় কেন্দ্রীয় শহিদমিনারে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। এরপর দিনের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। বের হবে প্রভাতফেরি। দিনভর চলবে শ্রদ্ধা নিবেদন। পাশাপাশি অন্যান্য কর্মসূচিও চলতে থাকবে।