নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস রবিবার। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল মুক্ত হয়ে বাঙালির নিজস্ব আবাসভূমি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। বাংলা ও বাঙালির ইতিহাসের গৌরবোজ্জ্বল এ দিনটি উদযাপনে দেশব্যাপী বর্ণিল কর্মসূচি পালিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির স্বাধীনতার পথচলায় সর্বশেষ ধাপ ছিল মহান মুক্তিযুদ্ধ। মাত্র নয় মাসের এ সশস্ত্র লড়াইয়ে জাতি বিজয় অর্জন করে ষোলই ডিসেম্বর। তাই অবস্মরণীয় বিজয়ের স্মৃতি জাগানিয়া দিনটি বর্ষপরিক্রমায় ফিরে আসে।
গৌরবের এদিনে জাতি স্মরণ করে সেই বীরদের যারা জন্মভূমির স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধায় নত হয় তাদের প্রতি যারা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে জীবনবাজী রেখেছিলেন রণাঙ্গনে। একই সাথে সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি। মহান বিজয় দিবস বাঙালি কাঙ্ক্ষিত স্বদেশ গড়ার প্রত্যয়কেও শাণিত করে।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেল থেকে সিলেটে কর্মসূচি শুরু হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদ কেন্দ্রীয় শহিদমিনারে এর আয়োজন করে। বিভিন্ন নাট্য সংগঠন এতে অংশ নেয়।