নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি প্রধান আ স ম আব্দুর রব বলেছেন, জনগণের ভোট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করবে।
তিনি আরো বলেছেন, ভোট দিতে হবে দেশ বাঁচাতে। নির্বাচনকালে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
আ স ম আব্দুর রব বলেন, ‘ধানের শীষ’ এখন আর কোন দলের প্রতীক নয়।
বৃহস্পতিবার সকালে মহানগরীর বন্দরবাজার এলাকায় সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন।
এ সময় জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা জাফরুল্লাহ চৌধুরী বলেন, সব জায়গায় ধানের শীষ জিতবে। খালেদা জিয়া ২ জানুয়ারি জনগণের সামনে এসে দাঁড়াবেন।
তিনি নিজেকে নিরপেক্ষ লোক বলে দাবি করেন।
গণসংযোগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সহ অন্যান্য নেতা অংশ নেন।