নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন জোটের কবল থেকে দেশকে উদ্ধার করা না গেলে বাংলাদেশ ক্রমেই একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর বারুতখানায় একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগের অপশাসনে গত ১০ বছরে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়েছে। নজিরবিহীন লুটপাটে ব্যাংকিং খাত পর্যুদস্ত। দেশে গণতন্ত্র নেই। জাতীয় ঐক্যফ্রন্ট নেতাকর্মীদেরকে গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে।
তিনি বলেন, সিলেটে বিনিয়োগ হয়নি। হয়নি কর্মসংস্থান। প্রায় সকল সূচকে দেশের অন্যান্য এলাকা থেকে পিছিয়ে রয়েছে সিলেট। যা কিছু উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগেই হয়েছে।
সিলেটে একাধিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলেও বিদ্যুৎ বিভ্রাট কমেনি বলে তিনি উল্লেখ করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তাকে নির্বাচিত করা হলে তিনি সিলেটবাসীর ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।