শিল্পায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : সিলেটে ড ফরাসউদ্দিন

প্রকাশিত October 27, 2018
শিল্পায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : সিলেটে ড ফরাসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফরাসউদ্দিন বলেছেন, শিল্পায়ন ছাড়া কোন দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
শনিবার সকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়েজিত ‘সিলেট অঞ্চলে প্রবাসী বিনিয়োগ সংক্রান্ত গবেষণাপত্রের উপর পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ড ফরাসউদ্দিন বলেন, গত দশ বছরে দেশে অসাধারণ অগ্রগতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূচকে বাংলাদেশ এশিয়ার মধ্যে এগিয়ে রয়েছে। সরকারের ১০ বছরের অগ্রগতি বিবেচনা করে আগামী ১২০ দিনের মধ্যে এই ধারাবাহিকতা বজায় রাখলে ২০৩০ সালেই বাংলাদেশ বিশ্বের ২৬তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হবে।
সিলেটে বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠানের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি দেশী-বিদেশী বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আহবান জানান।
সিলেট চেম্বার মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল। এতে তিনি সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ ও প্রবাসীদের বিনিয়োগের বাধাগুলো তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মনির উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, স্কলার্সহোমের হেড অব একাডেমিক কাউন্সিল ড কবীর এইচ চৌধুরী, শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড আহমদ সায়েম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ শরফুদ্দিন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির ও বারাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।