সোমবার থেকে সিলেটে বসছে আন্তর্জাতিক ফুটবল আসর

প্রকাশিত September 30, 2018
সোমবার থেকে সিলেটে বসছে আন্তর্জাতিক ফুটবল আসর

ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট আবার আন্তর্জাতিক ফুটবল উৎসবে মেতে উঠছে। সোমবার থেকে জেলা স্টেডিয়ামে বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ৫ম আসরের গ্রুপ পর্বের খেলা। ইতোমধ্যে নিরাপত্তা সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
বাংলাদেশ ছাড়াও ফিলিস্তিন, লাওস, ফিলিপাইন, নেপাল ও তাজিকিস্তান এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। সিলেটে গ্রুপ পর্বের খেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত। উদ্বোধন সন্ধ্যা ৬টায়। তবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বল মাঠে গড়াবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার আয়োজন করেছে। স্পন্সর ‘কে স্পোর্টস’। টিকেটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা স্টেডিয়ামের তিনটি কাউন্টারে টিকেট পাওয়া যাবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার বাফুফের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহিউদ্দিন সেলিম এবং রবিবার অংশগ্রহণকারী বিভিন্ন দল সংবাদ সম্মেলন করেছে।
এছাড়া দলগুলো অনুশীলনও করেছে।