মানুষ জাপাকে আবার ক্ষমতায় দেখতে চায় : সুনামগঞ্জে এরশাদ

প্রকাশিত September 16, 2018
মানুষ জাপাকে আবার ক্ষমতায় দেখতে চায় : সুনামগঞ্জে এরশাদ

সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন খুন হচ্ছে, গুম হচ্ছে। যুবকদের চাকরি নেই, মাদকের বিস্তার ঘটছে। তাই জনগণ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়।
রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে মুক্তি চায়, পরিবর্তন চায়, বাচঁতে চায়।
তিনি সুনামগঞ্জ-৪ আসনে বর্তমান সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে আগামী সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ, যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ।