নিজস্ব প্রতিবেদক : পয়লা সেপ্টেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জন্ম শতবার্ষিকী। একশ বছর আগে এ দিনেই এ বীর বাঙালি সন্তান বাংলাদেশের প্রান্তিক জনপদ সিলেটে জন্ম গ্রহণ করেছিলেন।
বঙ্গবীরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার প্রথম প্রহরে মহানগরীর নাইয়রপুলে ওসমানী জাদুঘরে জন্মদিনের কেক কেটে বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের মূল কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ৯টায় রয়েছে মাজার জিয়ারত। সকাল ১০টায় বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। যাবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত। এছাড়াও হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবীর এম এ জি ওসমানীকে নিবেদিত স্বরচিত লেখা পাঠ এবং শুক্রবার বিকেলে শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।