সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে অন্বেষা শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্টজনরা আশা প্রকাশ করেছেন, সংগঠনটি সুরমাপাড়ের সংস্কৃতির বিকাশের ধারাকে আরো বেগবান করতে সক্রিয় অবদান রাখবে।
শনিবার বিকেলে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ। বিশেষ অতিথি ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ। সভাপতিত্ব করেন, অন্বেষা শিল্পী গোষ্ঠীর সভাপতি গীতিকার শামসুল আলম সেলিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক শামসুল বাসিত শেরো, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিতবরণ দাশগুপ্ত, কবি আবিদ ফায়সাল ও প্রভাষক প্রণবকান্তি দেব। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুহিতুর রহমান রনি। পরিচালনা করেন, আশরাফুল ইসলাম অনি।