সামনে খুব কঠিন সময় : ইমজায় সিসিক মেয়র আরিফ

প্রকাশিত May 31, 2018
সামনে খুব কঠিন সময় : ইমজায় সিসিক মেয়র আরিফ

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সামনে খুব কঠিন সময়। এই কঠিন সময় মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে; কিন্তু সব জায়গায় বিভক্তি। এক্ষেত্রে ইমজাকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
তিনি ইমজার এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং এতে সব সংগঠনের সাংবাদিকদের উপস্থিতি ঐক্য প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।
মেয়র আরো বলেছেন, সামনেই সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনের সময় সাংবাদিকদের শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়। নির্বাচনের এই কঠিন দায়িত্বের আগে এই ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের চাঙ্গা করতে ভূমিকা রাখবে।
বুধবার দুপুরে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পৃষ্ঠপোষক বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবির বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে অন্য সবার মতো সাংবাদিকদেরও আপসের কোন সুযোগ নেই।
তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ইমজা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে পারে। আগামীতে এ ধরনের উদ্যোগ নেয়া হলে সীমান্তিক সহযোগী হিসেবে পাশে থাকবে।
ইমজা সভাপতি আশরাফুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট ক্যাবল সিস্টেমস-এসসিএসের ব্যবস্থাপনা পরিচালক জুনেল আহমদ ও জেলা পরিষদের প্যানেল মেয়র শামীম আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, বিদায়ী সভাপতি আজিজ আহমদ সেলিম, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবীর, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, ইমজার দাতা সদস্য রিফাত এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, ইমজার সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম শাহ ও সজল ছত্রী, অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উপ কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম শামীম, সদস্য সচিব মারুফ আহমদ ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক শ্যামানন্দ দাশ। স্বাগত বক্তব্য রাখেন, ইমজার ক্রীড়া সম্পাদক শফি আহমদ।