১৬ বছরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক : ভারপ্রাপ্ত উপাচার্য

প্রকাশিত November 2, 2022
১৬ বছরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক : ভারপ্রাপ্ত উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা বুধবার, ২ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সিকৃবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান।
পরে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ হতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা মহানগরীর টিলাগড় পয়েন্ট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর কেক কাটেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মো বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড মাহফুজ রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, দপ্তর প্রধান ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড মো মেহেদী হাসান খান বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চল তথা বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে শিক্ষা ও গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ গবেষণায় গত ১৬ বছরে এই বিশ্ববিদ্যালয়ের অর্জন অনেক। আগামীতে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় সিকৃবির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসবেন।–সূত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি