১২ বছরে দেশ থেকে প্রায় ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে : হবিগঞ্জে জাপা মহাসচিব

প্রকাশিত August 10, 2023
১২ বছরে দেশ থেকে প্রায় ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে : হবিগঞ্জে জাপা মহাসচিব

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, গত ১২ বছরে দেশ থেকে প্রায় ১৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে।
তিনি আরও বলেছেন, গত ১২ বছরে শুধু কুইক রেন্টাল কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে ৯০ হাজার কোটি টাকা জরিমানা দেওয়া হয়েছে। কারণ তাদের সঙ্গে চুক্তি ছিল বিদ্যুৎ কিনতে না পারলে তাদেরকে জরিমানা দিতে হবে। তারা এমনি এমনি এই বিপুল পরিমাণ অর্থ পেয়ে গেছে।
বৃহস্পতিবার, ১০ আগস্ট হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সম্মেলনে মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন।
তিনি বলেন, দু’টি দল বিরোধীদলে গেলে বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে; কিন্তু সরকারে গেলেই বলে, এটা সঠিক পদ্ধতি নয়। গত ৩৩ বছরেও তারা দেশকে ভাল কিছু উপহার দিতে পারেনি। পারেনি নির্বাচন পদ্ধতিটাই ঠিক করতে। তাই এখন সময় এসেছে। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় পার্টির জেলা আহবায়ক সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব জালাল উদ্দিন খানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও ভাইস চেয়ারম্যান আরিফ খান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মো সেলিম উদ্দিন, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মনজুর হোসেন মঞ্জু, যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল, কেন্দ্রীয় সদস্য এম এ মুমিন চৌধুরী বুলবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সহসভাপতি আবু সাঈদ স্বপন, তৌহিদুল ইসলাম তৌহিদ, আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, জিয়াউল হক জিয়া, গাজী মিজবাহ উদ্দিন, কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, মোস্তাফিজুর রহমান ময়না ও বিপ্লব চন্দ্র রায়।
প্রধান অতিথি জানান, কেন্দ্রে গিয়ে সকলের সঙ্গে সমন্বয় করে নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে মহাসচিব ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকে নেমে আসেন। পরে জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি শান্ত করলে তিনি পুণরায় মঞ্চে উঠেন।